রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী ও শিবলী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী ও শিবলী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী।


রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।


মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তীতে দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও কাজ করেন।


অন্যদিকে, ছালেহ শিবলী দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া চারদলীয় জোট সরকারের সময়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি দীর্ঘদিন ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন এবং প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক : আবদুল মাতিন