মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

নিজস্ব প্রতিবেদক
শেষ হয়ে গেল মনিরা শারমিনের এমপি হওয়ার সম্ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকেই নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই গেজেট প্রকাশ।

সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমরা কমিশনের কাছে নথি পাঠিয়েছিলাম। তাকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপরই তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন।

এরপর আদালত নির্বাচন কমিশনকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করে ইসি।

তারই মাঝে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করে নির্বাচন কমিশনে চিঠি দেন। সেখানে তিনি অনুরোধ জানান, আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাতের গেজেট প্রকাশ করা না হয়।

সংরক্ষিত নারী আসনে এনসিপির নেত্রী মনিরা শারমিনকেই মনোনয়ন দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। তবে তাকে নিয়ে আইনি জটিলতায় কপাল খুলে গেল নুসরাত তাবাসসুমের।

সম্পাদক : আবদুল মাতিন