চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে অভিনয়ের বাইরে গানেও আলাদা একটা পরিচিতি তৈরি করেছেন তিনি। গানে খুব একটা নিয়মিত না হলেও, এখন পর্যন্ত চারটি গান প্রকাশ করেছেন তিনি। এ ঈদেও নিয়ে আসছেন নতুন আরও একটি গান। দুই বছর আগেই তিনি জানিয়েছিলেন নতুন এ গানের কথা। ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত আয়োজনে নতুন এ গানটি নানা কারণে আর আসেনি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নুসরাত।
গানটির শিরোনাম ‘লোকে বলে’। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটি লিখেছেন বাঁধন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, আর মিক্স-মাস্টারিংয়ের দায়িত্বে আছেন অভিষেক ঘটক। ফারিয়া মনে করেন, গানটিতে মাটির সুরের পাশাপাশি আধুনিক বিশ্বমানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের চমৎকার ভারসাম্য পাওয়া যাবে।
সম্প্রতি শেষ হয়েছে গানের ভিডিওর শুটিং। ভিডিওতে নুসরাত ফারিয়ার সঙ্গে পাওয়া যাবে ফুয়াদকেও। পরিচালনা ও কোরিওগ্রাফিতে রয়েছেন পশ্চিমবঙ্গের বাবা যাদব। ২৬ মে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘লোকে বলে’ গানের ভিডিও।
প্রথমবার ফুয়াদের সংগীতে গান গাওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি ফুয়াদ ভাইয়ের অনেক বড় ভক্ত। তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। ফুয়াদ ভাইয়ের সংগীতায়োজনে গান গাওয়া আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো। রেকর্ডিংয়ের সময় নিজেকে নিজে চিমটি কাটছিলাম, স্বপ্ন দেখছি না তো! গানের ভুবনে আরও নতুন কিছু করার আকাঙ্ক্ষা থেকে লোকে বলে গানটি তৈরি করা। আমার আগের গানগুলো থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। এর মাধ্যমে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার বিশ্বাস।’
এটি নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে, শিরোনাম ছিল ‘পটাকা’। ২০২৩ সালে প্রকাশ পেয়েছে তার চতুর্থ গান ‘বুঝি না তো তাই’। ফারিয়া জানিয়েছেন, বর্তমানে ফুয়াদ ছাড়াও সঞ্জয়সহ আরও কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গানের কাজ শেষ করেছেন তিনি।
এদিকে অভিনয়ের পাশাপাশি স্টেজশোতেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজশোতে অংশ নিয়েছেন।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























