মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২৪ মে) ভোররাত প্রায় চারটা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে।


জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।


যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া বলেন, তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন। চোখে ঘুম, কী করব বুঝতে পারছি না। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনার কারণেই এই যানজট।


একই ভোগান্তির কথা জানিয়ে বাসচালক শহিদ বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বলতে পারছি না।


এক বাসযাত্রী আক্ষেপ করে বলেন, এ মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।


এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পাদক : আবদুল মাতিন