পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মাসুদ খান।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের পর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আজ বিকেল ৩টায় বিএসইসির কার্যালয়ে যাবেন তারা।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী তাকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।
মাসুদ খান বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের পুঁজিবাজার ও করপোরেট খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবীর নিয়োগের মাধ্যমে বিএসইসির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
বাংলাদেশের সামগ্রিক কর্পোরেট ইতিহাসে মাসুদ খান এক অনন্য নাম। চার দশকেরও বেশি সময় ধরে তিনি দেশি-বিদেশি বড় বড় কোম্পানিতে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ভারত থেকে তার শিক্ষা ও পেশাগত জীবন শুরু করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে একাউন্টিংয়ে স্নাতক (অনার্স)। তিনি ভারত থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে ভারতের সিএ পরীক্ষায় তিনি সারা দেশে দ্বিতীয় স্থান (সিলভার মেডেলিস্ট) অধিকার করেছিলেন। একইসাথে চার্টার্ড ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টে তিনি ডিস্টিংশান অর্জন করেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম

















