মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শেষ বিদায় জানাতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বরেণ্য  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পীকে শ্রদ্ধা জানাতে জড়ো হন তাঁর সহকর্মী, ছাত্র, সংস্কৃতিকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ।


এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়েছিলেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নাট্যব্যক্তিত্ব ম হামিদসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। এরপর বেলা ১১টার দিকে বিটিভি প্রাঙ্গণ থেকে তাঁর মরদেহবাহী গাড়িটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে চিত্রশিল্পীর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামান, শারমিন এস মুরশীদ ও কেরামত মাওলাসহ আরও অনেকে। 


ব্যক্তিগত শ্রদ্ধার পাশাপাশি বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোলাম মোস্তফা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক বাম ঐক্য এবং নাট্য ও গণমাধ্যম সংগঠনগুলোর মধ্যে প্রাচ্যনাট, বটতলা, দূরন্ত স্টেশন ও বঙ্গরঙ্গ নাট্যদলসহ বহু সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সব্যসাচী এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।


দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়। শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে জানাজার জন্য তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। দ্বিতীয় জানাজা শেষে তাঁর প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মরদেহ নিয়ে যাওয়া হবে। চারুকলার আনুষ্ঠানিকতা ও চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। 

সম্পাদক : আবদুল মাতিন