চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা শুরু হয়।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এ সভার আয়োজন করে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী দিনে, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচির ঘোষণা দেয়। কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। এরপর ধারাবাহিক নানা আয়োজনের মধ্য দিয়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম





















