কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে এক জেলের জালে ৪০ কেজি (এক মণ) ওজনের একটি বিশালাকাকৃতির কাতলা মাছ ধরা পড়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি বাজারে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পেশাদার জেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতোই কয়েকজন সঙ্গী নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রায়টা পাথরঘাট এলাকায় তারা বেড়জাল ফেলেন। বিকেল পাঁচটার দিকে জেলেরা জালের মধ্যে ভারী কিছুর উপস্থিতি টের পান। ধীরে ধীরে জালটি নদীর তীরে টেনে তোলার পর দেখা মেলে বিশালাকার ওই কাতলা মাছের।
পদ্মা নদীর এই অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনা বিরল হওয়ায় একনজর দেখতে মুহূর্তের মধ্যেই নদীর ঘাটে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হলে স্থানীয় বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে এক হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে মুরাদ হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি ছোটবেলা থেকেই পদ্মায় মাছ ধরে আসছি। কিন্তু আমার জীবনে এত বড় মাছ আগে কখনো ধরা পড়েনি। প্রথমবারের মতো এক মণ ওজনের মাছ ধরতে পেরে আমার খুব আনন্দ লাগছে।
ক্রেতা রিপন আলী বলেন, পদ্মা নদীর এত বড় ও তাজা কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। এত বড় মাছ কিনতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।
বিশেষ প্রতিনিধি | বাংলাবাজার পত্রিকা.কম
























