সিলেটের ৫ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে টানটান উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) ওসমানীনগর, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ও সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট ও সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে, সমাবেশ ও পথযাত্রা ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন।
পদযাত্রা ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। একটি পক্ষ বাঁধা দিতে পারে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। ছাত্রদলের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন বলে জানান এনসিপি নেতারা। তবে, কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় এবং এতিমগঞ্জ বাজার এলাকায় আজ বেলা ১১ টায় এনসিপির পথসভা করার কথা রয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিশেষ প্রতিনিধি | বাংলাবাজার পত্রিকা.কম



















