শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো

লিওনেল মেসিকে ঘিরে দীর্ঘ দুই দশকের এক অধ্যায় শেষ হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলে। এবার তার উত্তরসূরি হিসেবে আলবিসেলেস্তেদের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। অ্যাতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডারের হাতেই উঠছে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। ২০২২ বিশ্বকাপের আগেই সম্ভাব্য নেতৃত্বের পরিকল্পনায় ছিলেন তিনি। তখন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক ছিলেন রোমেরো।


বিশ্বকাপের পর মেসি ও ওতামেন্দি জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই সামনে চলে আসেন রোমেরো। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের ওপর আস্থা রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর মতো অভিজ্ঞ ফুটবলাররা দলে থাকলেও নেতৃত্বের জন্য রোমেরোকেই বেছে নেওয়া হয়েছে।


বেলগ্রানো একাডেমি থেকে উঠে আসা রোমেরো ইতোমধ্যেই আর্জেন্টিনার হয়ে ৫৮ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের অধিনায়কত্বও তার জন্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে তিনটি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি।


প্রথমবার গত বছর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরেন রোমেরো। এরপর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও দলের নেতৃত্বে ছিলেন তিনি।


এবার অবশ্য দায়িত্বটা হবে স্থায়ী। সেপ্টেম্বরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে রোমেরোর নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। ওই ম্যাচগুলোর প্রতিপক্ষ চলতি সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা।


তবে রোমেরোর নেতৃত্বের পাশাপাশি আর্জেন্টিনার কোচিং স্টাফেও ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ২০২৭ সাল পর্যন্ত লিওনেল স্ক্যালোনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার চুক্তি নবায়নের আলোচনা চলছে।


মেসির দীর্ঘ ছায়া পেরিয়ে আর্জেন্টিনা এখন নতুন প্রজন্মের নেতৃত্বে এগিয়ে যাওয়ার পথে। সেই নতুন যাত্রায় রোমেরোর কাঁধেই থাকছে বিশ্বচ্যাম্পিয়ন দলের নেতৃত্বের বড় দায়িত্ব।

সম্পাদক : আবদুল মাতিন