সারা দেশে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ ঢাকায় নিজ নিজ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে নির্ধারিত রয়েছে।
বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমানও গুলশান-২ নম্বরের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তিনি এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে আরো জানানো হয়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন ভোট দেবেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস ভোট দেবেন শাহাজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ড. আব্দুল মঈন খান ভোট দেবেন নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোট দেবেন চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সালাহউদ্দিন আহমদ ভোট দেবেন কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু ভোট দেবেন সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোট দেবেন ভোলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ভোট দেবেন দিনাজপুরের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে।
এদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি ভোট দেবেন রাজধানীর মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট প্রদান করবেন বাড্ডার বেরাইদ এলাকায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এছাড়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থাপিত কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম

















