রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুরে সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

মাদারীপুরে সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারজন।


শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।


পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী।


সংঘর্ষে আহতরা হলেন, ওই গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার, একই গ্রামের চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, খালেক বেপারীর ছেলে রানা বেপারী ও একই এলাকার মো. রাশেদ।


প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল।


এরই জেরে শনিবার সন্ধ্যার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদারের সমর্থক রানা বেপারীর ওপর হামলা চালায় ওই গ্রামের হাসান মুন্সি পক্ষের ১০ থেকে ১৫ জন কিশোর। হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়।


এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ করা হয়েছে চারটি মোটরসাইকেল। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদক : আবদুল মাতিন