সোমবার, ৯ মার্চ, ২০২৬

ঈদের সিনেমার তালিকা থেকে সরে দাঁড়াচ্ছে যেগুলো

ঈদের সিনেমার তালিকা থেকে সরে দাঁড়াচ্ছে যেগুলো

কয়েক বছর ধরে ঈদ কেন্দ্রিক ঢালিউড। দুই ঈদে ছবি মুক্তির হিড়িক পড়ে। ঈদের আমেজ শুরু হতেই এবারও সামাজিক মাধ্যম সয়লাব ছবি মুক্তির ঘোষণায়। 


ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমার তালিকায় আছে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’, ‘ট্রাইব্যুনাল’, ‘বনলতা সেন’, ‘রঙবাজার’,‘হাঙর’, ‘মালিক’, ‘দুর্বার’, ‘কাট পিস’, ‘ডোডোর গল্প’, ‘তছনছ’ এবং ‘অফিসার’।

মুক্তির তালিকায় এক ডজনের বেশি থাকলেও প্রচারণার সলতেয় আলো শুধু ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’-এর। অন্যদিকে বাকিগুলোর বিরাজ করছে সুনসান নীরবতা। 


খোঁজ নিয়ে জানা গেল, মুক্তিতে অনিশ্চয়তাই প্রচারহীনতার কারণ। ছোট হচ্ছে ঈদের সিনেমার তালিকা। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ছবি। কয়েকটি মুক্তি নিয়ে এখনও নিশ্চিত না। 


রোজার ঈদে মুক্তির কথা ছিল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নুসরাত ফারিয়া ও তানিয়া বৃষ্টির ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি। তবে বিশ্বস্ত সূত্র  জানিয়েছে এ ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না। 


 ‘‘ট্রাইব্যুনাল’ ৭০ শতাংশ কাজ শেষ। যেটুকু শুটিং বাকি আছে শেষ হতে ৮-১০ দিন লাগবে। এরমধ্যে তানিয়া বৃষ্টিরও কিছু শুটিং বাকি আছে। সেটা দুই দিনের মতো। যেহেতু অভিনেত্রী এখন অসুস্থ সেহেতু সহসা তার অংশ শেষ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে রোজার ঈদে ছবিটি আসছে না। শুটিং শেষ হলে কোরবানি ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।’’ তবে নির্মাতা রায়হান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি তাকে। 


ঈদে আসার কথা ছিল মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত ‘বনলতা সেন’ সিনেমা। কিন্তু শেষ পর্যন্ত নাবিলা ও খায়রুল বাসারের ছবিটি সরে দাঁড়িয়েছে মুক্তির মিছিল থেকে। নির্মাতা বললেন, ‘ঈদে আসছে না বনলতা সেন। একটু দেরি হবে। মুক্তির তারিখ এখনও নির্ধারণ করিনি। হতে পারে কোরবানি ঈদ কিংবা পয়লা বৈশাখ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাব।’ 


মুক্তির মিছিল থেকে সরে আসার কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘কেবলই নির্বাচন শেষ হলো। রোজা শুরু হয়ে গেল। রমজান তো সিনেমার প্রচারণার জন্য অনুকূল না। আর প্রচারণা ছাড়া এরকম একটি অফট্র্যাকের ছবি মুক্তি দেওয়া অনুচিত বলে মনে করছি। কাজটা যেহেতু জীবনানন্দ দাসকে নিয়ে। সেহেতু মুক্তির আয়োজনটা অনেক বড় পরিসরে হওয়া উচিত। চাই অনেক মানুষ দেখুক।’ 

এছাড়া ‘বনলতা এক্সপ্রেসে’র সঙ্গে নামের মিলও সরে দাঁড়ানোর একটি কারণ বলে জানান উজ্জ্বল। বলেন, ‘‘প্রচারেও একটু জটিলতা আছে। কেননা ঈদে ‘বনলতা এক্সপ্রেসে’ নামে একটি ছবি আসছে। আমার মনে হয়েছে নামে যেন জটিলতা না হয় তাই সরে আসা। তবে এটা মূল কারণ না। অনেকগুলো কারণের একটি।’’ 


পরিচালক রেজা ঘটকের কথায় স্পষ্ট ঈদে মুক্তি মিলছে না পরীমণি ও সাইমন সাদিক অভিনীত  ‘ডোডোর গল্প’-এর। তিনি বলেন, ‘আমাদের সিনেমার ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। এরপর এডিটিং, কালার গ্রেডিংয়ের কাজ আছে। সব মিলিয়ে এক মাসের মতো লাগবে আমার। ওই জায়গা থেকে ঈদে আসার সম্ভাবনা ক্ষীণ।’


সম্পাদক : আবদুল মাতিন