রবিবার, ১০ মে, ২০২৬

আলাদা পে-স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি

আলাদা পে-স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি

সরকারের কাছে বাংলাদেশ পুলিশের জন্য আলাদা পে-স্কেল দাবি করেছেন পুলিশ সদস্যরা। সেইসঙ্গে ঝুঁকিভাতাসহ ওভার ডিউটি বাবদ ৫০ শতাংশ ওভারটাইম বিল ও চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতিরও দাবি জানিয়েছেন তারা।


রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেড থেকে এসব দাবিসহ এক গুচ্ছ দাবি উত্থাপন করা হয়েছে। পুলিশ সদস্যদের উত্থাপিত এসব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী; একইসঙ্গে দিয়েছেন বাস্তবায়নের আশ্বাসও।


কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপিসহ পদস্থ পুলিশ কর্মকর্তারা।


পে-স্কেল প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, স্বতন্ত্র পে-স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে স্বতন্ত্র পে-স্কেল চালু আছে। দেশ ও জনগণের জন্য বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে। তাই তাদের মতো পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি আজ কল্যাণ প্যারেডের আলোচনায় প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে।


মামলার তদন্তের বেশিরভাগ কাজ করেন থানার উপ-পরিদর্শকরা (এসআই)। কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্ত কাজে গতি আনতে ও যাতায়াত ব্যবস্থার সমাধানে মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত লোন ও মোটরসাইকেলের জ্বালানি খরচার বিল দাবি করেছেন বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার।


আরও পড়ুন


জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কল্যাণ প্যারেডের আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছেন, তদন্ত ব্যয় বেড়েছে। সেটি বাড়িয়ে দেওয়া হোক। তদন্ত কাজে জড়িত এসআইদের জন্য থানা থেকে আলাদা কোনো যানবাহন নেই। মোটরসাইকেল কিনতে অগ্রিম সুদমুক্ত লোন ও জ্বালানি খরচ দিলে তদন্ত কাজে গতি বাড়বে।


একইসঙ্গে কল্যাণ প্যারেডে ঝুঁকি ভাতাসহ ওভারটাইম ডিউটি বাবদ ভাতা দাবি উত্থাপন করেছেন একজন অতিরিক্ত পুলিশ পদমর্যাদার কর্মকর্তা।


কল্যাণ প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তারা আরও জানান, প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একজন নারী কনস্টেবল অনারারি পদোন্নতি দাবি উত্থাপন করেছেন।


তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যরা যারা কনস্টেবল বা ইন্সপেক্টর ওই জায়গা থেকে রিটায়ার্ড করে। বিশেষ করে কনস্টেবলরা যাতে রিটায়ার্ডের আগে অন্তত একটা র‌্যাংক পদোন্নতি দিয়ে অবসরে পাঠানো হয়; যেটা সেনাবাহিনীতে আছে। এতে করে সরকারের আবার কোনো আর্থিক ভর্তুকিও লাগবে না। অনারারি পদোন্নতি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এটা চাওয়া হয়েছে।


কল্যাণ প্যারেডে অংশ নেওয়া একজন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) বলেন, পুলিশের থানা, ব্যারাক, থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেটি নতুন করে চালুর আর্জি জানানো হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন