বুধবার, ৩ জুন, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। 


রবিবার (৩১ মে) রাতে উঠের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তারা মারা যান। 

মারা যাওয়া হারুন ও রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা। তারা প্রতিবেশী ছিলেন।


‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। রবিবার রাতে রিয়াদের একটি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটির সঙ্গে উঠের ধাক্কা লাগে। ফলে গুরুতর আহত হন হারুন ও রাসেল। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক হারুন ও রাসেলকে মৃত ঘোষণা করেন। 


‎এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


‎নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। আজ সে লাশ হয়ে ফিরবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত যেন মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।”


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “প্রবাসে দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনা ও আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”


তিনি আরো জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী নিহতদের পরিবারের জন্য সম্ভাব্য সহায়তা নিশ্চিত করার বিষয়েও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

সম্পাদক : আবদুল মাতিন