রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, ‘‘দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির সহকর্মী ও স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’’
পুলিশ সূত্রে জানা যায়, তানভীর হোসেইন শুভর বাবার নাম তবারক হোসেইন। তাঁদের পারিবারিক বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায়। তবে তিনি বর্তমানে উত্তর মুগদার ওই ভাড়া বাসায় একা থাকতেন।
পুলিশ জানায়, ঈদের দিন সর্বশেষ তাঁকে ওই বাসায় দেখেছিলেন বাড়ির মালিক। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হোসেইন শিক্ষাজীবন শেষে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পরিচালক হন।
কয়েক বছর আগে তানভীর হোসেইনের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে বলে তাঁর এক বন্ধু জানিয়েছেন।
তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















