বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ আর টায়ারে আগুন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক নাশকতামূলক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মানিকগঞ্জ। 


জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি থেকে রাজনৈতিক কার্যালয়, বাদ যায়নি গুরুত্বপূর্ণ স্থাপনাও। আতঙ্ক ছড়ানোর এমন তৎপরতার মধ্যে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি মিনিবাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামাল দিতে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে একটি মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।


এসব ঘটনার পর নাশকতাকারীদের খুঁজতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম নাশকতার বিষয়গুলো গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : আবদুল মাতিন