যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় অমান্য করে আমদানি পণ্যের ওপর জারিকৃত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের শুল্কনীতি বাতিল করার ঠিক একদিন পরই নতুন করে এই পদক্ষেপটি নিল ট্রাম্প প্রশাসন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আদালত যে শুল্ক বাতিল করেছেন তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
তবে, শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, এই হার এখন বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।
ট্রুথ সোশ্যালে করা ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না (যতক্ষণ না আমি ক্ষমতায় এসেছি!)। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম



















