শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এ টি এম আজহারুল

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এ টি এম আজহারুল

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 


অধিবেশনের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। সেই আলোচনায় অংশ নিয়ে আজহারুল ইসলাম বিগত সরকারের আমলের কারাবন্দি জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমরা যারা দীর্ঘ সময় কারাগারে নিক্ষিপ্ত ছিলাম, তারা কেউই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অবদানকে অস্বীকার করতে পারবো না। এই বিপ্লব আমাদের নতুন জীবন দিয়েছে।



তিনি আক্ষেপ করে আরও বলেন, যাদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, তাদের অনেকেই আজ এই সংসদে উপস্থিত নেই।



সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীতে দায়িত্ব পালনকালে তিনি বেগম জিয়ার সঙ্গে একাধিক আন্দোলন ও সংগ্রামে রাজপথে ছিলেন। 


তিনি বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন। শত প্রতিকূলতার মাঝেও তিনি নিজ সিদ্ধান্তে অটল থেকেছেন, যা আমাদের প্রজন্মের জন্য শিক্ষণীয়।"


আলোচনায় তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, নিজামীকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। একইভাবে তাকেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। 


আজহারুল ইসলাম আরও বলেন, সত্য কখনো চাপা থাকে না এবং জুলাইয়ের গণবিপ্লব সেই সত্যেরই জয় নিশ্চিত করেছে।


বক্তব্যের এক পর্যায়ে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তোলেন আজহারুল ইসলাম। তিনি দাবি করেন, দেলাওয়ার হোসাইন সাঈদী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। এই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।


সম্পাদক : আবদুল মাতিন