রাজধানী ঢাকায় এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারহান রহমান জিহাদ (১৭) ইসলামপুর মডেল স্কুলের শিক্ষার্থী এবং চাঁদপুরের হাইমচর উপজেলার ফজলুর রহমানের ছেলে। তিনি সপরিবারে চকবাজারের এই বাসার চতুর্থ তলায় বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে জিহাদ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হওয়ার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের মনে সন্দেহ জাগে। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জিহাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাত ৯টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফাইম রহমান জানান, তার ছোট ভাই কেন এমন চরম পথ বেছে নিল, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।
পরিবারের দাবি, ঘটনার আগে জিহাদের আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি এবং কোনো বিষয় নিয়ে তার সাথে কারো মনোমালিন্যও ছিল না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের ঘোষণার পর মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য চকবাজার থানা পুলিশকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম





















