বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অস্ট্রেলিয়ার সরকার এই পদক্ষেপ নিয়েছে।
বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেইলি মেইল মিজানুর রহমান আজহারীর ঘটনাটি সর্বপ্রথম প্রকাশ করে। অনলাইনে ধর্মীয় এই বক্তার ১০ মিলিয়ন শক্তিশালী অনুসারী রয়েছে। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দিয়ে থাকেন।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ শিরোনামের বক্তৃতামালায় অংশ নিতে আজহারীর ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল। তবে সফর চলাকালীন সময়েই তাকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হচ্ছে।
ডেইলি মেইল বলছে, মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারীকে আগে থেকেই যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার নিজ দেশ বাংলাদেশেও উগ্র বক্তব্যের অভিযোগে জনসম্মুখে বক্তব্য দেওয়ায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার বলেছিলেন, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যকে বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই সতর্ক করেছিল।
সিনেটে তিনি বলেন, আমি জানি, মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে তথ্য পেয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালে আজহারী ইহুদি-বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের প্রচার করেন, হলোকাস্টের প্রশংসা করেন, ইহুদিদের অমানবিক হিসেবে তুলে ধরেন।
রিপোর্টে বলা হয়েছে, আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেন। তিনি ঘোষণা করেছেন যে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদেরকে ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেন তিনি।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















