লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামালায় তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসির উদ্দিন এ তথ্য জানান।
পুলিশ জানায়, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে, মঙ্গলবার ভোরে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে আটক হন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন।
রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গনেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম




















