মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জমি বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ছাত্রলীগ নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।


সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে গণমাধ্যমকে পাথরঘাটা থানার ওসি এনামুল হক জানান।


তিনি বলেন, ‘রোববার দুপুরে উপজেলার বাদুরতলা গ্রামে সংঘর্ষের সময় তাকে পিটিয়ে আহত করা হয়।’


নিহত মো. আলম ফিটার ওই গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান মিয়ার বাবা।


নিহতের ছোট ভাই মতিউর রহমান বলেন, ‘‘দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ ও একটি নারিকেল গাছকে কেন্দ্র করে প্রতিবেশী আল-আমিন ও ইলিয়াসদের সঙ্গে আলম ফিটারের বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুর দেড়টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।’’


এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন আলম ফিটার। তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।


এ ঘটনায় আলম ফিটারের ছেলে তাওহীদ, পুত্রবধূ আদুরি ও স্ত্রী ফরিদা বেগম আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।


আলম ফিটারের ছেলে ফোরকান বলেন, “জমি সংক্রান্ত বিরোধ প্রায় এক মাস আগে স্থানীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে প্রতিপক্ষ তা মেনে নেয়নি। তারা পরিকল্পিতভাবে হামলা করেছে।”


আলম ফিটারের মেয়ে ফাতিমা আক্তারের দাবি, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মধ্যে ছিলেন। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে।


পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, “বিষয়টি পুলিশ অবগত। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”


সম্পাদক : আবদুল মাতিন