মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

যারা হজে যেতে পারবেন না, জানাল ধর্ম মন্ত্রণালয়

যারা হজে যেতে পারবেন না, জানাল ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে বয়স ও স্বাস্থ্যগত বিষয়ে নতুন কিছু বিধিনিষেধ দিয়েছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ আগামী হজে অংশ নিতে পারবেন না। পাশাপাশি নির্দিষ্ট কিছু গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।


ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী হৃদযন্ত্র, ফুসফুস, লিভার ও কিডনির গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়বিক বা মানসিক রোগী এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না।


এ ছাড়া কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগীদেরও হজযাত্রার অনুমতি দেওয়া হবে না।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে অংশ নিতে পারবেন না। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।


এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী অথবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা কোনো নারী হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।


ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে সোমবার (২৭ জুলাই) থেকে। আগ্রহীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।


মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। একই সঙ্গে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।


সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। তবে এর আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।


প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।


ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বয়স ও স্বাস্থ্যসংক্রান্ত এসব শর্ত ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে কার্যকর হবে।

সম্পাদক : আবদুল মাতিন