বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মুখ খুললেন দীপেন দেওয়ান

মুখ খুললেন দীপেন দেওয়ান

পাহাড়ের মানুষকে শান্ত, ধৈর্য ধারণ, আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায়ের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান। একইসঙ্গে তিনি কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও পাহাড়ে সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখারও আহ্বান জানিয়েছেন।


পার্বত্যমন্ত্রী থেকে পদত্যাগের তিন দিন পর বুধবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দীপেন দেওয়ান পার্বত্যবাসীর প্রতি এ আহ্বান জানান। 


গত সোমবার পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার মন্ত্রিত্ব পুনর্বহাল রাখার দাবিতে রাঙামাটিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধ করেন। এছাড়াও পাহাড়ের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহলের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। 


বিবৃতিতে দীপেন দেওয়ান বলেন, মন্ত্রীর দায়িত্ব থেকে তার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সে বিষয়ে তিনি গভীরভাবে অবগত ছিলেন। তার বিশ্বাস পার্বত্য চট্টগ্রাম সবার, এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও সবার। 


পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করারও প্রত্যাশা করেন।




সম্পাদক : আবদুল মাতিন