রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বৃষ্টির পানিতে ফোন ভিজলে তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করবেন

বৃষ্টির পানিতে ফোন ভিজলে তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করবেন

আকস্মিক বৃষ্টিতে অনেক সময় জরুরি কাজে বাইরে বের হলে মুঠোফোনটি ভিজে যাওয়ার বিড়ম্বনায় পড়তে হয়। একটুখানি অসাবধানতায় সাধের দামি স্মার্টফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পানি ঢোকার কারণে ফোনের মাদারবোর্ড নষ্ট হওয়া কিংবা ডিসপ্লে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। যদি হঠাৎ বৃষ্টির পানিতে আপনার ফোনটি ভিজে যায়, তবে তাৎক্ষণিকভাবে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।


সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দেওয়া


বৃষ্টির পানিতে ফোন ভিজে গেলে প্রথমেই সেটি অফ বা বন্ধ করে দিন। ফোন চালু থাকা অবস্থায় ভেতরে পানি গেলে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ডের ক্ষতি বা সম্পূর্ণ ফোনটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাড়াহুড়া করে ফোন অন করে চেক করার ভুল একদম করবেন না।



সিম ও মেমোরি কার্ড খুলে ফেলা


ফোন বন্ধ করার পর যত দ্রুত সম্ভব ফোনের ব্যাক কাভার, সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে ফেলুন। এর ফলে ভেতরের অংশগুলোতে বাতাস চলাচল করতে পারে এবং কার্ডগুলো সুরক্ষিত থাকে। ব্যাটারি খোলা সম্ভব হলে সেটিও আলাদা করে ফেলুন।



নরম কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেওয়া


একটি শুকনা, নরম সুতি কাপড় বা টিস্যু দিয়ে ফোনের ওপরের অংশ এবং চারপাশ ভালো করে মুছে নিন। তবে খেয়াল রাখবেন, মোছার সময় যেন ফোনের ভেতরে থাকা পানির ফোঁটাগুলো চার্জিং পোর্ট বা অডিও জ্যাকের ভেতরে আরও গভীরে চলে না যায়।

চালের ড্রামে বা সিলিকা জেলের ব্যবহার


ফোনটি শুকানোর জন্য সাধারণ প্রচলিত পদ্ধতি হিসেবে একটি পাত্রে শুকনো চালের মধ্যে রেখে দিতে পারেন, যা ভেতরের আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। তবে সবচেয়ে ভালো হয় সিলিকা জেলের প্যাকেট ব্যবহার করলে। কোনোভাবেই হেয়ার ড্রায়ার দিয়ে সরাসরি অতিরিক্ত গরম বাতাস দেবেন না, এতে ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ গলে যেতে পারে।


সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া


প্রাথমিক এসব প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পরও যদি ফোন চালু না হয় কিংবা টাচস্ক্রিন কাজ না করে, তবে দেরি না করে দ্রুত অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান। নিজে নিজে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি না করে পেশাদার কারো সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ।


সম্পাদক : আবদুল মাতিন