সোমবার, ১৫ জুন, ২০২৬

নিকাব পরা এমপিদেরকে সংসদে বিএনপি নেতা— ‘বুঝলাম না, আপনারা কারা?’

নিকাব পরা এমপিদেরকে সংসদে বিএনপি নেতা— ‘বুঝলাম না, আপনারা কারা?’

জাতীয় সংসদে নিকাব পরা নারী সংসদ সদস্যদের (এমপি) উদ্দেশ্য করে বিতর্কিত বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। লেখাপড়া করে সংসদ সদস্য হয়েও তারা সংসদে নিকাব পরে আসায় মনিরুল হক চৌধুরী তাদের চিনতে পারেন না বলে মন্তব্য করেছেন।


রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ঘটে এই ঘটনা।


মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু, বুঝলাম না তো, কারা আপনারা?’


এ সময় বিএনপির নারী আসনসহ অন্য সংসদ সদস্যরা সেটিকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সঙ্গে হাস্যরসেও ফেটে পড়েন তারা। 


কুমিল্লা-৬ আসনের এমপি আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’


এই বক্তব্যে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করলে মনিরুল হক চৌধুরীকে বাধা দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না।


এর আগে, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তিনি একটি প্রোগ্রামে গিয়ে দেখেন ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’। এ কথা বলে তিনি জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বললাম যে তাহের ভাই, ভাবি কই?। বললেন যে, এই যে। বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?’


সম্পাদক : আবদুল মাতিন