রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে (৩০) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে র্যাব-২।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার মেজর এম মুবীন রহমান তাপস।
তিনি জানান, আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার আদাবরের নবোদয় হাউজিং থেকে একই ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলেন-শোয়েব (৩০), আরমান (১৯) ও নয়ন (১৯)।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বিএনপি নেতাকে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে হত্যা করা হয়। বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ঝামেলার বিষয়টি নাটক ছিল। মুলত তাকে হত্যার সব পরিকল্পনা আগেই সাজিয়েছিল হত্যাকারীরা। ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত ২৯ জুন রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা একটি পক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল। এ নিয়ে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে।
তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে বিএনপি নেতা সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আবুল বাশার বাদশাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সাদ্দাম হোসেন বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আবুল বাশার বাদশা আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আহত অপরজন হলেন- আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























