রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, এখন পর্যন্ত মোট চার টুকরো লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে বডি, মাথা ও দুটি হাত রয়েছে। দুটি পা এখন পাওয়া যায়নি। তবে পা খোঁজা হচ্ছে।
তিনি বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ফিঙ্গার পিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা গেলে ঘটনার মোটিভ পাওয়া যাবে।
স্থানীয়রা জানান, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















