ঢাকার বাড্ডায় মাস্ক ও হেলমেট পরে ঘরে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে রানা (৩৫) নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেট এলাকার ময়নারবাগ বৌ বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রানার বাড়ি নোয়াখালীর মাইজদীতে। বর্তমানে ভাটারার নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় তিনি পরিবার নিয়ে থাকেন। তিনি এসপি হাবিবুর রহমান হাবিবের বাড়ির গাড়িচালক বলে জানা গেছে।
আহত রানা জানিয়েছেন, তিনি তার পূর্ব পরিচিত মাসুদ আহামেদ জয় নামে এক ছোট ভাইয়ের উত্তর বাড্ডার বাসায় গিয়েছিলেন। সেখানে তার বাসায় খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসী তামিমসহ ৩/৪ জন ওই বাসায় ঢুকে তাকে গুলি করে চলে যায়। গুলি তার ডান পায়ে লাগে। এসময় তামিমের মুখে ছিল মাস্ক এবং অন্যরা হেলমেট পরে ছিল।
গুলিবিদ্ধ হওয়ার পরও ওই বাসায় অনেক সময় ছিলেন রানা। তিনি বললেন, আহত অবস্থায় ওই বাসায় অনেক সময় আমাকে থাকতে হয়েছে। পরে জয় আমার পরিবারকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে যায়।
রানার দাবি, তামিম, সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত চালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। তবে খবর পেয়ে ঢাকা মেডিকেল ও ঘটনাস্থলে আমরা আমাদের টিম পাঠিয়েছি।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন ওসি।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















