রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই একাধিক মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সামনে। রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির রেকর্ড বরাবরই দুর্দান্ত। দলটির বিপক্ষে ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ২৬১ রান। ব্যাটিং গড় ৬৬.৫০। রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি।



ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে তার সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। ফলে ১৫ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন আর মাত্র ৫৯ রান।



এই মাইলফলক স্পর্শ করতে পারলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় এবং ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন কোহলি।


আরও পড়ুন


৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন


আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি এখন ৮৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি শতক করলে সেই সংখ্যা দাঁড়াবে ৮৬-তে।



তিরুবনন্তপুরমের মাঠটিও কোহলির জন্য সুখস্মৃতির। এই ভেন্যুতে দুটি ওয়ানডে খেলে কোনোবারই আউট হননি তিনি। দুই ম্যাচে করেছেন ১৯৯ রান। এর মধ্যে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৬৬ রানের ইনিংসটি ছিল বিশেষ নজরকাড়া।



লিস্ট ‘এ’ ক্রিকেটে কোহলির সেঞ্চুরি রয়েছে ৫৯টি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৬০ সেঞ্চুরি। ফলে আর দুটি শতক করলে শচীনের রেকর্ড ছাড়িয়ে যাবেন কোহলি।



ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের সেঞ্চুরি ৪২টি। কোহলির রয়েছে ৪১টি। ফলে আর দুটি সেঞ্চুরি করলে ঘরের মাঠে আন্তর্জাতিক শতকের সংখ্যায় শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।



ওয়ানডেতে ভারতের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও কোহলির নাগালে। ঘরের মাঠে শচীনের ১৬৪ ম্যাচে ৬ হাজার ৯৭৬ রানের বিপরীতে কোহলির সংগ্রহ ১৩০ ম্যাচে ১২৭ ইনিংসে ৬ হাজার ৮৬৭ রান। অর্থাৎ রেকর্ডটি ভাঙতে তার প্রয়োজন ১১০ রান।



চলতি বছরও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন কোহলি। ছয় ইনিংসে করেছেন ৩৮৪ রান, গড় ৬৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৬-এর বেশি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।



ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই কোহলির সামনে থাকছে একাধিক ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ।

সম্পাদক : আবদুল মাতিন