শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পূজায় লোভনীয় নানা পদ

পূজায় লোভনীয় নানা পদ

শরৎ মানেই কাশফুল, শরৎ মানেই দুর্গাপূজা। আর দুর্গাপূজা মানেই ঢাক ঢোল আর লুচি – আলুর দম। নতুন পোশাক, দলবেঁধে পূজা দেখা আর নারিকেলের নাড়ু, আলুর দমের মাঝেই পূজার অন্যতম আনন্দ। এই পূজায় কি রাঁধবেন, কি দিয়ে আপ্যায়ন করবেন অতিথিকে তা নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। পূজা উপলক্ষ্যে কয়েকটি পদ নিয়ে আমাদের আজকের এই আয়োজন।


প্রথমেই আসা যাক পূজার অন্যতম আকর্ষণ লুচি আর আলুর দমে।


লুচি

লুচি একটি বাংলা খাবার। হাজার বছর ধরে বাঙ্গালির ঐতিহ্যের সাথে মিশে আছে লুচি। লুচি- আলুর দম, লুচি – সবজি, লুচি –মাংস, লুচি – শুক্ত এবং লুচি- কাবাব আমাদের অত্যন্ত প্রিয় কিছু খাবারের নাম। কেউবা আবার লুচির সাথে মোহনভোগ হালুয়া এবং গরম গরম রসগোল্লার কথা শুনলে জিভে জল ধরে রাখতে পারেন না।


তবে ফুলকো লুচি খেতে সবচেয়ে দারুণ। অনেকে মনে করেন খামিরকে বুঝি আধ ঘণ্টা ভেজা কাপড়ে ঢেকে রাখলে লুচি ফুলকো হবে।  ময়দায় বেশি করে তেল বা ঘি এর খামির দিলে লুচি ফুলবে ভালো। এসব কিছুই করতে হবে না আপনাকে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই ঐতিহ্যবাহী খাবার।


প্রয়োজনীয় উপকরণ


ময়দা ৩ কাপ, তরল ঘি ১ টেবিল চামচ (মাখানোর জন্য), লবণ স্বাদ মত, সামান্য চিনি, বেকিং পাউডার ১/২ চা চামচ, পানি প্রয়োজনমত, তেল ভাজার জন্য।


প্রস্তুত প্রণালী


ময়দার সঙ্গে পানি, লবণ, চিনি এবং বেকিং পাউডার মিশিয়ে মাখাতে হবে। প্রয়োজন মতো পানি দিয়ে খামিরটি বেশ নরম করুন। খামির বেশ ভাল করে হাত দিয়ে ডলে ডলে মাখান। এতে লুচি ভাজাও ভালো হবে। খামি হয়ে গেলে ছোট ছোট করে কেটে নিয়ে গোল করে বেলে নিন। কড়াইতে তেল গরম করে ডুবোতেলে ভেজে ফুলে উঠলে তুলে নিন। মনে রাখবেন লুচি যেন বেশি মোটা কিংবা বেশি পাতলা না হয়ে যায়।


আলুর দম

প্রয়োজনীয় উপকরণ


আলু ডুমো করে কাটা- ২ কাপ, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, পিঁয়াজ বেরেস্তা- ১/৪ কাপ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, জিরা ভাজা গুঁড়া- ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ, কাঁচা মরিচ ফালি- ইচ্ছা মত, টমেটো বাটা বা টমেটো সস, পাঁচ ফোড়ন- ১ চা চামচ, ঘি- ১ টেবিল চামচ, তেল- ২ টেবিল চামচ, ধনেপাতা- ইচ্ছামতন, তেজপাতা, লবণ- স্বাদ মত


প্রণালী


কড়াইতে প্রথমে তেল দিন। তেল গরম হয়ে এলে তেজপাতা, জিরা, ধনিয়া, কাঁচা মরিচ দিতে হবে। একটু নেড়েচেড়ে তাতে রসুন বাটা, আদাবাটা, টমেটোর সস, হলুদ ও লবণ ও পানি দিয়ে মসলা কশান। কশানো হলে এবার সেদ্ধ আলু দিয়ে দিন। ফুটে এলে জিরা এবং ধনিয়া গুড়া দিয়ে নামিয়ে ফেলুন। এবার আরেকটা প্যানে ঘি গরম করুন, তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিন এবং পুরো মিশ্রণটা আলুর মাঝে ঢেলে দিয়ে বাগাড় দিন এরপর বেরেস্তা ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন পাঁচ ফোড়ন যেন পুড়ে না যায়, তাতে পুরো খাবারটা তেতো হয়ে যাবে।


পাঁচমিশালি সবজি


উপকরণ : আলু ১টি, পটোল ৩-৪টি, মিষ্টিকুমড়া ছোট ১ ফালি, টমেটো ১টি, বেগুন ১টি, শুকনো মরিচ ২টি, কাঁচা মরিচ ৬-৭টি, তেজপাতা ২টি, পাঁচফোড়ন সামান্য, লবণ স্বাদমতো, হলুদ আধা টেবিল চামচ, তেল প্রয়োজনমতো, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরার গুঁড়া সামান্য ও ধনেপাতাকুচি সামান্য।


প্রস্তুত প্রণালি : সব সবজি ধুয়ে বড় টুকরো করে কেটে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে দুটি শুকনো মরিচ আর দুটি তেজপাতা ছিড়ে দিন। এবার পাঁচফোড়ন দিন। তারপর একে একে আলু, পটল দিন। লবণ ও হলুদের সাথে আদা-রসুন বাটা যোগ করে সামান্য পানি দিয়ে কষান। সবজি আধসিদ্ধ হয়ে এলে মিষ্টিকুমড়া, বেগুন আর টমেটো দিয়ে অল্প অল্প পানি যোগ করে কষিয়ে নিন। সবজিতে কাঁচা মরিচের ফালি দিন। সব সবজি সিদ্ধ হয়ে এলে ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার পাঁচমিশালি সবজি। গরম গরম লুচির সাথে সবজি পরিবেশন করুন।

সম্পাদক : আবদুল মাতিন