বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ

উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন।


খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে আগামী তিন মাস এই কার্যক্রম চলবে। ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার শিল্প এলাকাগুলোতে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার জানিয়েছেন, চলতি মাসেই, সম্ভবত ২০ নভেম্বর (শুক্রবার) থেকে এই কার্যক্রম শুরু হতে পারে।



এই বিশেষ ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ৪ হাজার ৫০০ টন চাল এবং ট্রাক ও পরিবহন ব্যয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে জানানো হয়েছে, সরকারের কাছে বর্তমানে পর্যাপ্ত চাল মজুত রয়েছে, যা দিয়ে এই কার্যক্রম চালানো সম্ভব।


পরিকল্পনা অনুযায়ী, শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে।


সরকারের এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো যখন মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে এবং নিম্নতম মজুরি বোর্ড কাজ শুরু করেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ইতিমধ্যে ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করেছেন।


তবে এই উদ্যোগকে 'অসম্মানজনক' ও 'অকার্যকর' বলছেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, “ছয় দিন হাড়ভাঙা খাটুনির পর ছুটির দিনে সামান্য কিছু টাকা বাঁচাতে শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে, যা সম্মানজনক নয়। এর চেয়ে কারখানা গেটেই সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সরবরাহের ব্যবস্থা করলে শ্রমিকরা প্রকৃত স্বস্তি পেতেন।”


ম্যাপড ইন বাংলাদেশের তথ্যমতে, বর্তমানে দেশে ৩ হাজার ৩২০টি পোশাক কারখানায় প্রায় ২৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজ করছেন, যাঁদের ৫৭ শতাংশই নারী।

সম্পাদক : আবদুল মাতিন