ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের সময় দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী তিনি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
এই ঘটনার ব্যাখ্যায় ডা. খালিদুজ্জামান পোস্টটিতে লিখেন, বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।
তিনি আরও দাবি করেন, বিষয়টি তখনই সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে।
পোস্টের শেষে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে লেখেন, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব।
এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি পুরনো এবং এটি তখনই সমাধান হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে এখন মীমাংসিত হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান তার ব্যক্তিগত গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করছেন। এ সময় সেখানে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দিয়ে জানান, নিয়ম অনুযায়ী সেনানিবাসের ভেতরে অস্ত্র বা সশস্ত্র প্রহরী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেনাসদস্যদের এই পেশাদার আচরণে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং তাদের সঙ্গে তর্কে লিপ্ত হন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















