শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ

চা স্টলে দুই ছাত্রের কথা কাটাকাটির জের ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ছাত্রাবাসের দুই শিক্ষার্থী মীর হামিদুর এবং মো. মোয়াজ চা স্টলে বসে চা পান করছিলেন। এসময় সামাজিক মাধ্যমের একটি পোস্ট নিয়ে দুই জনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এতে দুজনই মারামারিতে জড়ান। পরে এটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুবায়ের আহমেদ বলেন, ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মীর হামিদুর এবং মো. মোয়াজকে মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।


ওসি শিবিরুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য নাফিউল ইসলাম নামে একজন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন