বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মেসির অবসরের পর পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

মেসির অবসরের পর পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তে নাড়া খেয়েছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। এবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য ও অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।


৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, মেসির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।


সংবাদ সম্মেলনে পারেদেস বলেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।


নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, সব কিছু মিলিয়েই বিষয়টি বেশ কঠিন। আমি আগেও যা বলেছি নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত... সবকিছু। পরিস্থিতি আগের মতো থাকবে কি না, জানি না। কোচের সঙ্গে এখনও কথা হয়নি। কথা বলব, এরপর কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখব।



মেসির বিদায় মেনে নিতে পারছেন না পারেদেস। আর্জেন্টাইন তারকার লেগ্যাসির প্রশংসা করে তিনি বলেন, কখনও হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করে দেখানো এটাই মেসির সবচেয়ে বড় শিক্ষা।



মেসিকে আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেই প্রশ্নেও আক্ষেপ ঝরেছে পারেদেসের কণ্ঠে।



তিনি বলেন, ‘আমরা সব সময় তার সঙ্গে খেলতে চাই, তাকে পাশে চাই। কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমরা চাইনি।’



বিশ্বকাপের ফাইনালই মেসির শেষ ম্যাচ হতে পারে এমন ইঙ্গিত আগেই সতীর্থদের দিয়েছিলেন বলেও জানান পারেদেস। তবে সেই সম্ভাবনার জন্যও তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।



পারেদেস বলেন, আমরা বিশ্বকাপের শেষ দিকে কথা বলেছিলাম, ফাইনালটাই হয়তো তার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু তারপরও আমরা প্রস্তুত ছিলাম না। কারণ আমাদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই।



মেসির বিদায়ের পাশাপাশি পারেদেসের জাতীয় দল ছাড়ার ভাবনার পেছনে বড় কারণ হয়ে উঠেছে ফিফার নিষেধাজ্ঞাও। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে করা হয়েছে ৯০ হাজার ডলার জরিমানা।



তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। শাস্তি বহাল থাকলে আগামী বেশ কয়েকটি ম্যাচে পারেদেসকে ছাড়াই খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।



এরই মধ্যে ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার কোপা আর্জেন্টিনার শেষ ষোলোয় ভেলেস সার্সফিল্ডের মুখোমুখি হবে তার ক্লাব বোকা জুনিয়র্স।



মেসির বিদায়ের পর আর্জেন্টিনার আরেক অভিজ্ঞ মুখ পারেদেসও যদি জাতীয় দল থেকে সরে দাঁড়ান, তাহলে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সেটি হবে আরেকটি বড় ধাক্কা।

সম্পাদক : আবদুল মাতিন