চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়ে খাতা পুনঃমূল্যায়নের আবেদন করেছেন, যার মোট সংখ্যা প্রায় পৌনে ১৩ লাখ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা গুঞ্জন থাকলেও বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, ঘোষিত সময়েই ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, "আমাদের লক্ষ্য ১০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা। আশা করি, শিক্ষার্থীরা ওই দিনই তাদের সংশোধিত ফলাফল পেয়ে যাবে। তবে কোনো কারণে দেরি হলে, একাদশে ভর্তির আবেদনের সময়ও বাড়িয়ে দেওয়া হবে।
গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। মোট আবেদনকারী: ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। লিখিত পরীক্ষার খাতা: ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। ব্যবহারিক পরীক্ষার খাতা: ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।বোর্ডভিত্তিক আবেদনের বিবরণ:সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।
এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ৩ লাখ ৩৫ হাজার৬৭৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৩৯ হাজার, চট্টগ্রামে ৩৯ হাজার, দিনাজপুরে ৩৭ হাজার, কুমিল্লায় ৩৫ হাজার, যশোরে ২৮ হাজার, ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬ জন, সিলেটে ২০ হাজার এবং বরিশাল শিক্ষা বোর্ডে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
এছাড়া সাধারণ বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।ফল জানার উপায়:ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা মূলত ৩টি উপায়ে তাদের পরিবর্তিত রেজাল্ট জানতে পারবে: ১. এসএমএস যেসকল শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসবে, আবেদনকালে প্রদত্ত তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে বোর্ডের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট মেসেজ পাঠিয়ে নতুন জিপিএ বা গ্রেড জানিয়ে দেওয়া হবে। ২. শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে রেজাল্ট চেক করা যাবে। ৩. নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সংশোধিত ফলাফলের সম্পূর্ণ তালিকা পিডিএফ আকারে আপলোড করা হবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























