শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ নেওয়া হলো কাশিমপুরে

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ নেওয়া হলো কাশিমপুরে

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীকে তার ছেলে তূর্যের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য শনিবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়েছে। কারাবিধি অনুযায়ী মাকে সন্তানের মরদেহ দেখার জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়।


শারমিন সুলতানার ছেলের নাম নিস্বর্গ হোসেন তূর্য। তার বয়স ১৫ বছর। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সে মারা যায়।


তূর্যের পরিবার জানায়, শারমিন সুলতানা শর্মীর ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। তার খাওয়া-দাওয়াসহ দৈনন্দিন সবকিছু দেখাশোনা করতেন মা। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে শারমিন কারাগারে যাওয়ার পর মায়ের সঙ্গ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তূর্য। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। শনিবার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কারাগারে গেলে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা হয়।


শারমিন সুলতানা শর্মি (৪৪) যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ইডেন কলেজ শাখারও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্বামী শাহাদাত হোসেন নিপুন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্ম থেকে প্রতিবন্ধী।


শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


নিপুন বলেন, জন্মের পর থেকেই ছেলে তূর্যের খাওয়া-দাওয়াসহ সবকিছু দেখাশোনা করতেন তার মা। মায়ের অনুপস্থিতি সে মেনে নিতে পারেনি। স্ত্রী গ্রেপ্তারের পর থেকে তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। তার যথাযথ পরিচর্যা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সে।


স্ত্রীর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না দাবি করে নিপুন বলেন, তাকে ষড়যন্ত্র করে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম সমকালকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী তাকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। এ জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল।


সম্পাদক : আবদুল মাতিন