রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

হরমুজ পার হওয়ার চেষ্টা করা একাধিক জাহাজে গুলি

হরমুজ পার হওয়ার চেষ্টা করা একাধিক জাহাজে গুলি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা বেড়েছে। ইরান নতুন করে কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অন্তত দুটি বাণিজ্যিক নৌযানকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা ও একাধিক সূত্রের বরাতে শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


যুক্তরাজ্যভিত্তিক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনসও (ইউকেএমটিও) জানিয়েছে, একটি বাণিজ্যিক ট্যাংকারকে লক্ষ্য করে কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর গানবোট থেকে গুলি ছোড়া হয়। তবে এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


তথ্যমতে আটটি ট্যাংকারের একটি বহর একযোগে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর এত বড় বহরের একসঙ্গে এই নৌপথ ব্যবহারের চেষ্টা নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা।


পরিস্থিতির অবনতি ঘটে যখন ইরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে তারা প্রণালিটিতে ফের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি এক বার্তায় সতর্ক করে বলেছেন, “শত্রুকে নতুন তিক্ত পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত।” তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।


অন্যদিকে, কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে ভালো খবর আসার ইঙ্গিত দিয়েছিলেন এবং নতুন করে সংঘাত এড়াতে চুক্তির আহ্বান জানান। 


বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক : আবদুল মাতিন