পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের আজ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার (২৪ মে) ছিল শেষ কর্মদিবস।
ঈদের দীর্ঘ ছুটি পেয়ে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।
২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।
প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে জানানো হয়, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতা বাইরে থাকবে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম




















