বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানী ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা এবং যানজটসহ বিদ্যমান নানা সমস্যা নিরসনে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।


ঢাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম প্রধান কারণ হলো গণপরিবহনের বিশৃঙ্খলা ও যানজট। এ সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় খুঁজতে এবং সড়কে কার্যকর শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে।


বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনে দীর্ঘদিন ধরে চলমান বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করার রূপরেখা ও বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বৈঠক শেষে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা সংস্কার ও সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক : আবদুল মাতিন