যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনকে সামনে রেখে ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানার বিষয়ে তিনি আশাবাদী। তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়ই ইরানে হামলা চালানো হবে না।’
তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ট্রাম্পের ভাষায়, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে।’
গত মাসের শেষ দিকে ইরানের একটি প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পর দুই দেশের আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে। ওই প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহণ করা হয়। ফলে প্রণালিটি বন্ধ বা চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তবে গত সপ্তাহে ইরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পালটা প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কয়েক দিনের মধ্যেই তেহরান এ বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেবে বলে তিনি আশা করছেন।
তথ্যসূত্র: এনডিটিভি
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম




















