সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ভাতিজা আদনান হাবীব জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, দুপুরে ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি রেডি হয়ে আমাকে গাড়ি বের করতে বললেন। তখন তিনি বাথরুমে যান। ১০ মিনিট যাবত বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। চাঁদপুর-৪ আসনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শফিকুর রহমান দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেন। পরে যোগ দেন রাজনীতিতে। পরিবারে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
Vok/lh/
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















