সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে টানা ছুটি শেষ হয়েছে গতকাল রোববার (২৫ অক্টোবর)। 


সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। তবে কলেজের ছুটি চলবে পুরো অক্টোবর মাস। ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।


শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।


তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ ছিল।


এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আর গতকাল রোববার (২৫ অক্টোবর) ছিল লক্ষ্মীপূজার ছুটি। এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।


অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর। ৩০ ও ৩১ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটি শেষে ১ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।


=========================


আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


পাঁচ দিনের সফরে আজ স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরের প্রথম পর্যায়ে আজ সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি।


‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এই এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যাবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ এক্সপোর আয়োজন করা হয়েছে।


এক্সপোর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ জোরদার এবং পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পথ সুগম হবে।


সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।


স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এ সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারি সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া হবে।


যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অংশীদারির নতুন সুযোগ খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সম্পাদক : আবদুল মাতিন