ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়, দেশটিতে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেদন জানিয়েছেন ইরানি এক যুবক। ট্রাম্পকে এই আহ্বান জানিয়ে আত্মহত্যা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানি মিডিয়া জানিয়েছে, পুরিয়া হামিদি নামে তেহরানের ওই যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ১০ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
বলা হচ্ছে, তার এই আবেদনের উদ্দেশ্য ছিল ইরানে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন এবং ইরানি সরকারের বিরুদ্ধে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহারের বাসিন্দা হামিদি ভিডিও বার্তায় বলেছেন, যদি আপনি এই ভিডিও দেখছেন ততক্ষণে আমি আর বেঁচে নেই।
গত ৫ ফেব্রুয়ারি ইউটিউবে নিজের 'পুওরওয়াই এক্স' নামে চ্যানেলে ভিডিও বার্তায় হামিদি দাবি করেছেন, বিক্ষোভে ৪০ হাজারের বেশিজন নিহত হয়েছেন, এই সংখ্যা রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহতের চেয়েও বেশি।
হামিদির পোস্ট করা ওই ভিডিও'র শিরোনাম ছিল, এটি আমার আত্মত্যাগ- দয়া করে আমার দেশকে মুক্ত করুন। ইংরেজিতে রেকর্ড করা ভিডিওতে হামিদি মার্কিন নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে কোনো চুক্তি মানে নিহত বিক্ষোভকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।
আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দয়া করে এই চুক্তি বন্ধ করুন, ভিডিওতে আকুতি জানান এই যুবক। হামিদি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে বলেছিলেন, আমরা তা করেছি, আমরা তাকে বিশ্বাস করেছি।
তবে বিদেশি সাহায্য ছাড়া ইরানের ইসলামি নেতৃত্বের বিরুদ্ধে জয়লাভ সম্ভব নয় বলে জানান হামিদি। তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের একমাত্র আশা হচ্ছে ইরানে মার্কিন আক্রমণ। আমরা একা এই সরকারের বিরুদ্ধে লড়তে পারছি না, আমাদের লোকদের বিদেশি হস্তক্ষেপ দরকার।
ভিডিওর শেষে হামিদি বলেন, আমরা ইরানিরা এখন একা, আমাদের কেউ নাই, তাই দয়া করে একে অপরকে সহযোগিতা করুন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিও পোস্ট করার পর আত্মহত্যা করেছেন হামিদি।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম

















