রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে বহুতল ভবন ধসে ৩ জনের প্রাণহানি

দিল্লিতে বহুতল ভবন ধসে ৩ জনের প্রাণহানি

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।


এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন এবং আরো বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস।


খবর পেয়ে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা এবং ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে। ভবনটির মালিক গুরুগ্রামে থাকেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ছুটির দিন থাকায় ধসের সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ধসে যাওয়া ভবনটি হোস্টেল ডেজ নামে ছেলেদের একটি পেয়িং গেস্ট (পিজি) ছিল।


স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা বলেন, ‘ভেতর থেকে কিছু শিক্ষার্থী ফোনও করছেন। মনে হচ্ছে ভেতরে এখনো অনেকে আটকে আছেন।’


মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দিয়ে বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’

 

তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির (আপ) নেতা সৌরভ ভরদ্বাজ।


তিনি বলেন, ‘এমসিডির ভবন নির্মাণ বিভাগের কার্যকরী প্রকৌশলী বদলিতে বিপুল দুর্নীতি হয়, তাই এসব থামবে না। অডিটের নামে ব্যবসা, জিম ও হাসপাতাল থেকে ফের কোটি কোটি টাকা লুট হবে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।’

সম্পাদক : আবদুল মাতিন