শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে তথ্য গোপন করে বহুবিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


তিনি বলেন, বিয়ে নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। ফলে একজন ব্যক্তি আগে বিয়ে করেছেন কি না, একাধিক বিয়ে থাকলে তার তথ্য এবং নতুন বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য পূর্বানুমতি নেওয়া হয়েছে কি না- তা সহজেই যাচাই করা সম্ভব হবে।


শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।


আইনমন্ত্রী বলেন, অনলাইনে নিবন্ধনের ফলে বৈবাহিক সম্পর্কের তথ্য একটি সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এতে বাল্যবিয়ে হচ্ছে কি না, প্রতিবছর কতটি বিয়ে হচ্ছে এবং বিয়ে-সংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না—এসব তথ্য পর্যবেক্ষণ ও যাচাই সহজ হবে।



তিনি বলেন, কোনো ব্যক্তি আগে বিয়ে করে থাকলে অনলাইনে তা যাচাই করে নতুন বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত অনুমতি নেওয়া হয়েছে কি না দেখা যাবে। এতে গোপন বিয়ে, তথ্য গোপন এবং পরবর্তীতে বিয়ে অস্বীকারের সুযোগ কমবে। একই সঙ্গে সম্ভাব্য জীবনসঙ্গীর আগের বৈবাহিক সম্পর্কের তথ্য জানার সুযোগ তৈরি হবে।


মো. আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তান হিসেবে একাধিক ব্যক্তি দাবি করলেও নিবন্ধিত তথ্যের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করা সম্ভব হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও প্রয়োজন হলে অনলাইনে বৈবাহিক তথ্য যাচাই করা যাবে।


তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধনের প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা নিজে দক্ষ হওয়ার পাশাপাশি অন্য নিকাহ রেজিস্ট্রারদেরও প্রস্তুত করবেন।


তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে পাঁচ জেলার ২৭ জন নিকাহ রেজিস্ট্রার অংশ নিচ্ছেন।


অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এসএম এরশাদুল আলম, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, প্রকল্প পরিচালক মো. আজিজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : আবদুল মাতিন