বিয়ের দেড় বছর পর আবারও কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। তবে সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাকের আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজন আরমান শেখ জানান, উজ্জল ও তিনি মালয়েশিয়ায় একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন উজ্জল। বিয়ের পর কিছুদিন বাড়িতে অবস্থান করে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান। শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা আনুমানিক ৬টা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























