শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এসব তথ্য জানান।
নাজমুস সাকিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনায় শিল্পাঞ্চলসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা অপসারণ করেন আনসার সদস্যরা।
একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এছাড়া চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
আনসার সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টও নিয়োজিত রয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তার পাশাপাশি দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ-এই ৯ জেলায় মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
জেলাভিত্তিক মোতায়েন সদস্যদের মধ্যে গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২টি করে প্লাটুন দায়িত্ব পালন করছেন। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















