শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

অর্থ সংকটে কি থেমে যাবে ট্রাম্পের ইরান যুদ্ধ?

অর্থ সংকটে কি থেমে যাবে ট্রাম্পের ইরান যুদ্ধ?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের অর্থায়ন বন্ধে উদ্যোগ নিচ্ছেন বিরোধী দল ডেমোক্র্যাট। আগামী ১১ ডিসেম্বর সরকারি ব্যয় বরাদ্দের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন বাজেট পাস নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা চলছে। 


এই বাজেটকে হাতিয়ার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে চাপ দিতে চান ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তবে অর্থায়নে বাধা এলেও ট্রাম্পের পক্ষে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।


বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


প্রতিবেদনে বলা হয়, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এরই মধ্যে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে তাদের চাপ বাড়ছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ নাগরিক চান নতুন কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধ করুক।


ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি ও রো খান্না সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ১১ ডিসেম্বরের বাজেট অনুমোদনের সময়সীমাকে কাজে লাগিয়ে হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টি করতে।


তাদের দাবি, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয় নিষিদ্ধ করার শর্ত ছাড়া কোনও বাজেট প্রস্তাব সমর্থন করা উচিত নয়।


তবে এ উদ্যোগের বড় বাধা হতে পারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরকারি অচলাবস্থা। বাজেট নিয়ে সমঝোতা না হলে সরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম ও সামরিক ব্যয় আটকে যেতে পারে। গত বছরও বাজেট নিয়ে বিরোধের কারণে যুক্তরাষ্ট্রে টানা ৪৩ দিন সরকারি কার্যক্রম বন্ধ ছিল।


অন্যদিকে, ট্রাম্প চাইলে বাজেট বিলে ভেটো দিতে পারেন। তার ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, যা ডেমোক্র্যাটদের একার পক্ষে অর্জন করা কঠিন।


বিশ্লেষকদের মতে, নতুন অর্থায়ন বন্ধ হলেও বিদ্যমান সামরিক সক্ষমতা ব্যবহার করে ট্রাম্প কিছু সময় অভিযান চালাতে পারবেন। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে ব্যয় ইতোমধ্যে পাঁচ হাজার কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে।


কিংস কলেজ লন্ডনের অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, অর্থায়ন বন্ধের উদ্যোগ ট্রাম্পের যুদ্ধ পরিচালনার স্বাধীনতার ওপর প্রথম বড় প্রাতিষ্ঠানিক বাধা হয়ে উঠতে পারে। তবে এর চূড়ান্ত কার্যকারিতা নির্ভর করবে বাজেটের শর্ত এবং ট্রাম্পের সিদ্ধান্তের ওপর।


তার ধারণা, কংগ্রেসের হস্তক্ষেপ শেষ পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। সূত্র: আল-জাজিরা

সম্পাদক : আবদুল মাতিন